শ্রদ্ধার ফুলে ভাষা শহীদদের স্মরণ চট্টগ্রামে

চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি – শ্রদ্ধার ফুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অবনত চিত্তে ভাষা শহীদদের করছেন চট্টগ্রামবাসী।
রোববার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
এর পর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন সরকার-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
করোনা মহামারিকালে এবারও প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ পাঁচজন ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন পুষ্পস্তবক অর্পণ করতে পারছেন।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সারাদেশের ন্যায় চট্টগ্রামেও শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিনটিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এদিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তারই সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এ আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২১ ফেব্রুয়ারি







