ঢালিউড

রোশান-পূজার নতুন চলচ্চিত্র ‘নাকফুল’

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এবার এই নামেই সিনেমা নির্মাণ হচ্ছে। যেখানে জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তরুণ নির্মাতা অলক হাসানের পরিচালনায় ‘নাকফুল’ সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই।

সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরির ভাষ্য, নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।

রোশান বলেন, সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এর আগে রোশান-পূজাকে নিয়ে ‘সাইকো’ নির্মাণ করেছেন অনন্য মামুন।

এম এস, ০৩ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language