গাজীপুর

শিশুকন্যাকে কোলে নিয়ে উধাও প্রতিবেশী

রাজীবুল হাসান

গাজীপুর, ২৮ অক্টোবর- প্রতিবেশী এক নারীর কোলে শিশুকন্যাকে দিয়ে গোসল করতে গিয়েছিলেন মা। অল্পক্ষণ পর বেরিয়ে দেখেন শিশুকন্যাকে নিয়ে পালিয়ে গেছে ভাড়াটে ওই প্রতিবেশী।

মঙ্গলবার দুপুরে (২৭ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে। পাঁচ মাস বয়সী ওই শিশু চুরির একদিন পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভাড়াটিয়া সোনালী আক্তারকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন নিখোঁজ শিশুর মা।

জানা যায়, শিশু রিভা মনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হাসান মিয়া ও লাইজু বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি তার দুই মেয়ে ও স্ত্রী সহ শ্রীপুরের ধনুয়া গ্রামের মো. আজিজের বাড়িতে ভাড়া থাকেন। তিনি একটি সিরামিকস কারখানায় চাকরি করেন। অভিযুক্ত সোনালী আক্তারের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়।

শিশুর মা লাইজু বেগম জানান, পাশের কক্ষের ভাড়াটিয়া হওয়ায় সোনালীর সাথে ভালো সম্পর্ক ছিল। দুপুরে গোসল করতে যাওয়ার সময় শিশুকে সোনালীর কোলে রেখে যান তিনি। কিছুক্ষণ পর গোসল শেষে বেরিয়ে এসে শিশু ও সোনালীকে পাচ্ছিলেন না তিনি। এর পর আশপাশে বিভিন্ন স্থানে খুঁজেও না পেয়ে তিনি তার স্বামীকে ফোন দেন। এর পর রাতে তিনি শ্রীপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গে সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ ঘটনায় প্রতিবেশী সোনালী আক্তারসহ আরও অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। শিশুটি উদ্ধারে পুলিশের বিশেষ একটি দল মাঠে কাজ করছে।’

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language