বিশ্বকাপে রেফারিং বিতর্ক: ইংল্যান্ড-ঘানা ম্যাচে পেনাল্টি না পাওয়ায় ক্ষোভ

লন্ডন, ২৪ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। লিওনেল মেসির কার্ড না পাওয়া নিয়ে আলোচনার পর এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচ।
মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে ঘানার আক্রমণভাগের খেলোয়াড় প্রিন্স কোয়াবেনা আদুকে ইংল্যান্ডের ডিফেন্ডার এজরি কনসা পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করলেও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও এই ঘটনায় কোনো হস্তক্ষেপ না করায় ঘানা শিবিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ঘানা শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দেয়। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও বিতর্কিত সেই ফাউলের সিদ্ধান্ত ঘানার পক্ষে গেলে তারা হয়তো ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়তে পারত। খেলার ৭৯ মিনিটে ঘানার আদু বল নিয়ে বক্সে ঢুকে পড়লে অ্যাস্টন ভিলার ডিফেন্ডার কনসা একটি বিপজ্জনক ট্যাকল করেন।
বলের কোনো স্পর্শ ছাড়াই তিনি সরাসরি আদুকে বাধা দেন। সাবেক রেফারি ড্যারেন ক্যান এই ঘটনা নিয়ে তার মতামত জানিয়েছেন। বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে রেফারি পেনাল্টি না দেওয়ায় ইংল্যান্ড বেশ ভাগ্যবান। ক্যান স্পষ্ট করে বলেন যে কনসা বলের নাগাল পাননি এবং এটি পরিষ্কার পেনাল্টি ছিল।
ভিএআর এই ক্ষেত্রে অন ফিল্ড রেফারির সিদ্ধান্তকে বড় ভুল হিসেবে গণ্য না করায় কোনো পরিবর্তন আসেনি। এই ড্রয়ের ফলে থমাস টুখেলের শিষ্যদের নিজেদের খেলার মান উন্নত করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এস এম/ ২৪ জুন ২০২৬









