দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৬৩

ঢাকা, ১০ আগস্ট – দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার প্রকাশিত এই তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর দেশে হাম পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি ও তথ্য প্রকাশ করে আসছে।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মোট ৯৮ জন প্রাণ হারিয়েছেন। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেশি, যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৩৪১ জনের প্রাণহানি ঘটেছে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৪ জন। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৭২ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৬ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৯২ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন এবং তাদের মধ্যে ৯৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৩১২ জন এবং নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন।
এনএন/ ১০ আগস্ট ২০২৬









