আইন-আদালত

মিরপুরে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মমতাজকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ঢাকা, ২৪ জুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে মমতাজকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আজিজুল হক। আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন।

পুলিশের আবেদনে বলা হয় যে আসামির এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এজন্য তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

মামলার অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মুক্তার হোসেন মিরপুরের রাস্তায় আন্দোলনে যোগ দেন। সে সময় পুলিশ ও আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণে তিনি গুরুতর আহত হন। পুলিশের ছোড়া রাবার বুলেটে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হলো। উল্লেখ্য যে ২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তার রিমান্ড মঞ্জুর করেন এবং এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language