ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কারো সঙ্গেই আপস করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

তেহরান, ২৪ জুন – ইরানের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা নিয়ে কোনো ধরনের সমঝোতা বা আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেছেন, দেশের নিজস্ব ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কারণেই ইরান আজ গাজার মতো ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। চলতি বছরের শুরুতে ইরানকে লক্ষ্য করে চালানো মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পর যুদ্ধাবসান ঘটাতে সম্প্রতি ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সেই ঘটনার রেশ ধরেই পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যেকোনো আলোচনার সম্ভাবনা নাকচ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান তার প্রতিরক্ষা শক্তি নিয়ে কথা বলবে না। নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সাথেও গাজার মতো আচরণ করত।
এ সময় তিনি পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত অবস্থানেরও তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের ক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ সহযোগিতায় এই প্রক্রিয়া সফল হয়। যুদ্ধপরবর্তী সময়ে এটিই ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টের এই সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ায় যুক্ত থাকতে পেরে আনন্দিত। একই সাথে তিনি আগামী সপ্তাহে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে তেহরান সফরের ঘোষণা দেন।
অন্যদিকে পেজেশকিয়ান সংকটে পাশে থাকার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এস এম/ ২৪ জুন ২০২৬









