চট্টগ্রাম

জেএম সেন হলে হামলার চেষ্টা: আরও ৭ জন রিমান্ডে

চট্টগ্রাম, ২৬ অক্টোবর – দুর্গাপূজায় জেএম সেন হলে হামলাচেষ্টা ও পোস্টার ছেঁড়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ৭ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।

এর আগে সোমবার (২৫ অক্টোবর) একই আদালত ১৬ আসামির রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে আসামিদের জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে একটি প্রতিবাদ সমাবেশ থেকে একদল লোক জেএম সেন হল পূজামণ্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা ঢিল ছোড়ে এবং মণ্ডপের ব্যানার ছিঁড়ে ফেলে। ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ ঘটনায় পরদিন ১৬ অক্টোবর ৮৩ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ। মামলায় অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়।

পরে ওই মামলায় যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ, এর মধ্যে হাবিবুল্লাহ মিজান নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৬ অক্টোবর ২০২১


Back to top button
🌐 Read in Your Language