ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো: হাইড্রেশন ব্রেক শুধু খেলোয়াড়দের স্বার্থে

ওয়াশিংটন, ২৪ জুন – চলমান ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়দের তরল পানের জন্য নির্ধারিত তিন মিনিটের বিরতি বা হাইড্রেশন ব্রেক নিয়ে চলা বিতর্কের জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট করেছেন যে, এই বিরতি সম্পূর্ণভাবে খেলাধুলার স্বার্থে এবং কারিগরি কারণে প্রবর্তন করা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে ফিফার বাড়তি মুনাফা অর্জনের কোনো লক্ষ্য নেই এবং সংস্থাটি এখান থেকে কোনো অতিরিক্ত রাজস্ব পাচ্ছে না। উত্তর আমেরিকার প্রচণ্ড দাবদাহের মধ্যে খেলোয়াড়দের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে এই বিরতি বাধ্যতামূলক করা হয়েছে।
তবে স্টেডিয়ামে এই বিরতির সময় দর্শকদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। কোচ ও খেলোয়াড়দের মাঝেও এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল মনে করেন, এই বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দ ও গতিপ্রকৃতি পরিবর্তন করে দিচ্ছে।
অন্যদিকে, অনেক দেশের সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো এই বিরতির সময়ে বিজ্ঞাপন প্রচার করছে, যা নিয়ে জনমনে আলোচনা চলছে। বাণিজ্যিক উদ্দেশ্যে এই বিরতি দেওয়া হচ্ছে এমন অভিযোগ নাকচ করে দিয়ে ফিফা প্রধান জানান, টুর্নামেন্টের সব বাণিজ্যিক চুক্তি অনেক আগেই শেষ হয়েছে।
তাই নতুন করে বিজ্ঞাপনের টাকা ফিফার তহবিলে যুক্ত হওয়ার সুযোগ নেই। তিনি বিষয়টিকে আর্থিক নয় বরং পুরোপুরি ক্রীড়াবিষয়ক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। ইনফান্তিনো আরও বলেন, চরম আবহাওয়া এবং ৩৯ দিনে আটটি ম্যাচের ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রাম প্রয়োজন।
এছাড়া সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও এর একটি অন্যতম কারণ। কোনো নির্দিষ্ট আবহাওয়া বা শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে কোচরা যেন বাড়তি কোনো কৌশলগত সুবিধা না পান, সেটি নিশ্চিত করতেই সব ম্যাচে এই নিয়ম কার্যকর রাখা হয়েছে।
ফিফা সরাসরি লাভবান না হওয়ার দাবি করলেও সম্প্রচারকারী সংস্থাগুলোর জন্য এটি আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ফক্স স্পোর্টসের মতো চ্যানেলে বিশ্বকাপের মাত্র ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য দুই থেকে তিন লাখ ডলার।
যুক্তরাষ্ট্রের ম্যাচ বা ফাইনাল খেলায় এই দর সাড়ে সাত লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, কেবল এই বিরতির বিজ্ঞাপনের মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রচারকারীরা ২৫ কোটি ডলারের বেশি বাড়তি আয় করতে পারে।
এস এম/ ২৪ জুন ২০২৬









