চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দ্বন্দ্বে এনসিপি নেতাদের ওপর হামলা

চট্টগ্রাম, ৮ জুন – চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে তর্কের জেরে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে এই হামলার ঘটনা ঘটে। এতে দলটির মহানগর শাখার দুইজন নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এনসিপি নেতাদের দাবি হাসপাতাল এলাকায় দীর্ঘ দিন ধরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেট রোগী ও স্বজনদের কাছ থেকে কয়েক গুণ অতিরিক্ত ভাড়া আদায় করছে।
রোববার সকালে নোয়াখালীগামী এক রোগীর স্বজনের কাছ থেকে ১২ হাজার টাকা ভাড়া দাবি করা হয় যেখানে স্বাভাবিক ভাড়া ৫ হাজার টাকা। এই ঘটনার প্রতিবাদ করায় অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সমিতির সদস্যদের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এর আগে ফেনী যাওয়ার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছিল।
এই অনিয়মের প্রতিবাদ জানাতে বিকেলে জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। কিন্তু সম্মেলন শুরুর আগেই তাদের ওপর হামলা চালানো হয়। এতে মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ও সহ সাংগঠনিক সম্পাদক আহত হন।
এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন জানান হাসপাতালে একটি প্রভাবশালী চক্র অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ করছে। তারা বাইরের কোনো গাড়ি ঢুকতে দেয় না এবং সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়।
তবে অভিযোগের বিষয়ে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ জানান ভাড়া নিয়ে অভিযোগ থাকলে তা প্রশাসনের কাছে জানানো উচিত ছিল। এই ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দলটি।
এনএন/ ৮ জুন ২০২৬









