চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুর: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম, ১৫ জুলাই – চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট নামক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ইউনুস, ইমরান, আকবর হোসেন, সুমন, মনির, গিয়াস উদ্দীন, নয়ন ও মো. আব্দুল নাহিদ।
গত মঙ্গলবার রাতে মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ জানান যে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, কেউ চাঁদা দাবি করলে বা কোনো হুমকি দিলে তা যেন সাথে সাথে পুলিশকে অবহিত করা হয়।
এই মামলার প্রধান অভিযুক্ত ডেভিড ইমন বর্তমানে পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
এনএন/ ১৫ জুলাই ২০২৬









