চট্টগ্রাম

চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

চট্টগ্রাম, ১৩ জুলাই – চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা ও বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন জানান, কয়েক দিন আগে ডেভিড ইমন পরিচয় দিয়ে একজন ফোন করে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং মাসিক ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন। চাঁদা না দেওয়ায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল অফিসে ঢুকে তাণ্ডব চালায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে অফিসের কম্পিউটার এবং আসবাবপত্র ভাঙচুর করছে। এ সময় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকে ওই এলাকার ইন্টারনেট ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগেও একই চক্রের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছিল। বিশেষ করে সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত ইমনের বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এনএন/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language