বাংলাদেশে ৫ বছরের কম বয়সী ২৪ শতাংশ শিশু খর্বকায়: চট্টগ্রামে মতবিনিময় সভা

চট্টগ্রাম, ২২ জুলাই – বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৪ শতাংশ শিশু খর্বকায় সমস্যায় আক্রান্ত। একই সাথে এই বয়সী প্রায় ১৩ শতাংশ শিশু ক্ষীণতায় ভুগছে। বিশেষজ্ঞরা মনে করছেন পুষ্টিহীনতার কারণেই শিশুদের শারীরিক বিকাশে এমন সমস্যার সৃষ্টি হচ্ছে।
চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে আয়োজিত মিডিয়া সেনসিটাইজেশন শীর্ষক মতবিনিময় সভায় এসব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। হেলথ সিস্টেম রেজিলিয়েন্স ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা), বাপসা ও মমতা যৌথভাবে এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদফতরের উপ পরিচালক ডা. কামরুল আজাদ বলেন, সরকার নবজাতক ও কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবাকে সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে। সদ্য ঘোষিত বাজেটেও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে যার ফলে শহর ও গ্রাম উভয় পর্যায়ে সেবার মান বৃদ্ধি পাচ্ছে।
সভায় বক্তারা নারীর স্বাস্থ্যের ওপর অপুষ্টি ও হরমোনের প্রভাব এবং প্রজনন স্বাস্থ্যের সাথে পুষ্টির সম্পর্কের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
কানাডার হেলথব্রিজ ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে। অনুষ্ঠানে ইপসার পরিচালক নাসিম বানুসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
এস এম/ ২২ জুলাই ২০২৬









