মুন্সিগঞ্জ

প্রেমিকের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

মুন্সিগঞ্জ, ০১ জুলাই- মুন্সিগঞ্জ সদরে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আক্তার (২৩) নামের এক নারী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফাতেমা মিরকাদিম পৌরসভার কাঠালতলা এলাকার আহম্মেদ হোসেনের মেয়ে। সৌদি প্রবাসী প্রেমিক ফোনে বকাবক করায় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা পরিবারের।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফাতেমার সঙ্গে গত সাত বছর ধরে সৌদি প্রবাসী মো. ফারহান সবুজ নামের এক ছেলের ইমোতে প্রেমের সম্পর্ক চলছিল। তবে এরমধ্যে কখনো তাদের দেখা হয়নি। পরিবার ফাতেমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইলে প্রবাসী ফারহান নানাভাবে তাকে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে ফাতেমার পরিবার ফারহানের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়। গত সপ্তাহে পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু গত তিনদিন আগে সন্দেহের বশবর্তী হয়ে ফাতেমাকে বকাঝকা করেন ফারহান। বৃহস্পতিবার তিনি আত্মহত্যা করেন।

নিহতের মা বলেন, গত সপ্তাহে পারিবারিকভাবেই ফারহানের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু গত তিনদিন ধরে ফাতেমা খাবার খাননি। জিজ্ঞাসা করলে উত্তরও দিতেন না। আজ দুপুর একটার দিকে রান্না বসিয়ে তিনি পুকুরে পানি আনতে যান। এ সুযোগে ফাতেমা ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিমার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/০১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language