পশ্চিমবঙ্গ

দিলীপ ঘোষের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ এক নেতাকে শো কজ বিজেপির

কলকাতা, ০৮ জুন – দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভের চক্রান্ত করার অভিযোগে সুবীর নাগ নামে এক নেতাকে শো-কজ করল বিজেপি। গত পরশু প্রকাশ্যে আসা একটি অডিয়ো ক্লিপের উল্লেখ করে তাঁকে শো কজ করেছেন বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

গত সপ্তাহে হুগলির চুঁচুড়ায় নির্বাচনের ফল নিয়ে ডাকা বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতিতে তুমুল বিক্ষোভ দেখার দলেরই কিছু নেতা। কেন তাঁদের বৈঠকে থাকতে দেওয়া হবে না তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এর পর গত শনিবার প্রকাশ্যে আসে একটি অডিয়ো ক্লিপ। টেলিফোনিক কথোপকথনে এক ব্যক্তিকে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর নির্দেশ দিতে শোনা যায়। দলের একাংশের দাবি ওই কণ্ঠস্বর স্থানীয় বিজেপি নেতা সুবীর নাগের।

সোমবার অভিযুক্ত ওই বিজেপি নেতাকে শোক কজ করল দল। দলের তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যে কণ্ঠস্বর শোনা গিয়েছে তা আপনার বলে অনুমান। তাতে আপনাকে দিলীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে শোনা গিয়েছে। কেন আপনি একাজ করলেন তার জবাব দিন। সাত দিনের মধ্যে জবাব না দিলে পদক্ষেপ করবে দল।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির সংগঠনের বাঁধন ছিল আলগা। নির্বাচনে হারের পর সেই ছবিটা আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে সংগঠন ধরে রাখা বড় চ্যালেঞ্জ তাদের সামনে। সেজন্য শৃঙ্খলাকে হাতিয়ার করতে চলেছে তারা। দিলীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে পদক্ষেপ করে সেই বার্তাই দিল বিজেপি নেতৃত্ব।

সূত্র: হিন্দুস্থান টাইমস
এম ইউ/ ০৮ জুন ২০২১

Back to top button
🌐 Read in Your Language