ক্রিকেট

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, সহজ ম্যাচ কঠিন করে জিতল মোহামেডান

ঢাকা, ৩১ মে – ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। ঘরোয়া লিগটিতে নিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ করার পাশাপাশি ব্যাটিংয়েও রানের দেখা পেয়েছেন তিনি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তাঁর দল মোহামেডানও জিতেছে তিন উইকেটে।

অবশ্য সহজ ম্যাচটি জিততেও ঘাম ঝরেছে মোহামেডানের। ব্যাটিংয়ের শেষ দিকে পরপর উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল মোহামেডান। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। এক বল হাতে রেখে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল।

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে আজ সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১২৫ রানেই থেমে যায় শাইনপুকুর। ব্যাটিংয়ের শুরু থেকেই রানের গতি স্লো ছিল শাইনপুকুরের। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩০ রান করেছেন তানজিদ হাসান। ২১ বলে ২৫ রান করেছেন রবিউল ইসলাম। ২৩ রান এসেছে সুমন খানের ব্যাট থেকে।

মোহামেডানের পক্ষে দারুণ বোলিং করেন সাকিব। ৪ ওভারে ২৯ রান খরচায় নেন ২টি উইকেট। এছাড়া আবু জায়েদ রাহি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি। ইয়াসিন আরাফাত সমান ওভার করে ২৪ রান খরচ করে নেন ২টি উইকেট।

১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মোহামেডান। হারিয়ে ফেলে ওপেনার অভিষেক মিত্রকে। এরপরও ঘুরে দাঁড়ায়। ১২ ওভারে ২ উইকেটে ৮৫ রান তুলে ফেলেন সাকিবরা।

কিন্তু শেষ দিকে হোঁচট খেতে থাকে মোহামেডান। শেষ চার ওভারে মাত্র ১৪ রান লাগত মোহামেডানের। কিন্তু ১৭তম ওভার থেকেই উইকেট হারানো শুরু হয়। প্রথমে ২২ বলে ২৯ রান করে বিদায় নেন সাকিব। এরপর দুই ওভারে ইরফান শুক্কুর, নাদিফ চৌধুরী ও শুভাগত হোম আউট হলে হারের শঙ্কায় পড়ে যায় মোহামেডান। কিন্তু শেষ পর্যন্ত অঘটন হয়নি। ১৯.৫ বলে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করেন ম্যাচ জিতে নেয় সাকিব আল হাসানের দল।

সূত্র : এনটিভি
এন এইচ, ৩১ মে

Back to top button
🌐 Read in Your Language