ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ

ঢাকা, ২০ মে – দুদিন বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছুটি কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। প্রাথমিক দলে নাম আসার পর ইমরুল কায়েসের চূড়ান্ত দলে ফেরা নিয়ে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি।

১৫ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আরও চারজনকে রেখেছে বিসিবি। তাঁরা হলেন- মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, ইমরুল কায়েস ও নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই : নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম।

সূত্র : আরটিভি
এন এইচ, ২০ মে


Back to top button
🌐 Read in Your Language