বাইক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে দুই বন্ধু নিহত

ফরিদপুর, ১৭ মে– ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক বন্ধু।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার জয়বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইল জেলার সদর উপজেলার নজরুল ইসলামের ছেলে তুর্য (২৩), তার বন্ধু রাউফু (২৫)।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, নড়াইল সদর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু পদ্মা সেতু দেখার জন্য যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী তুর্য (২৩) ও রাউফু (২৫) ঘটনাস্থালেই মারা যান। অপর বন্ধু সান (২৪) গুরুতর আহত হন। সানকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এন / ১৭ মে









