ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশ থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর, ৬ মে – ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর মহম্মদপুর সড়কের পাশে এই ঘটনা ঘটে। মরদেহের পাশেই একটি সাদা রঙের প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়।
নিহত রবিউল শেখ মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে। নিহতের বাবা গোলাম সরোয়ার শেখ অভিযোগ করেছেন যে রবিউলকে নিয়ে শাহিদ নামে এক ব্যক্তি তার জামাইয়ের বাড়িতে একটি মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। সেখানে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে রবিউলকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।
এই ঘটনায় তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান। প্রত্যক্ষদর্শীদের মতে রাতে একটি প্রাইভেটকার সড়কের পাশের খাদে পড়ে গেলে স্থানীয়রা সেটি উদ্ধারে এগিয়ে যান। তখন কাছেই একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে।
এই সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান যে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ৬ মে ২০২৬









