চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করল বিজিবি

চুয়াডাঙ্গা, ৩১ মে – চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর সোয়া ৫টার দিকে সীমান্তের বারাদি ক্যাম্প এলাকার অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়মিত টহল চলাকালীন বারাদি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান। পরে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের দর্শনা থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এস এম/ ৩১ মে ২০২৬









