চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গা, ৯ আগস্ট – চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রবিবার ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে ভারতীয় ৩২ বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ ও দুই নারীকে সীমান্ত পাড় করে বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা চালায়।

বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭০-২-এস এর গেট দিয়ে তাদের পাঠানোর এই প্রচেষ্টাটি মাধবখালী বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল দলের নজরে আসে।

বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দিলে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয়। ৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পর্কে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে যথাযথভাবে অবহিত করা হয়েছে।

এস এম/ ৯ আগস্ট ২০২৬


Back to top button