জাতীয়

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

দোকানপাট ও শপিং মল

ঢাকা,২৩ অক্টোবর- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়ম অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা থাকবে। এতে এসব প্রতিষ্ঠানের খোলা থাকার সময় দুই ঘণ্টা কমে যাচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা ও বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সুযোগ ছিল। বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

চলতি বছর জ্বালানি সংকটের কারণে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে দোকানপাট বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়।

এরপর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নিয়ম চালু ছিল। দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সময়সূচি আবার কার্যকর হয়েছে।

এস এম/ ২৩ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language