ফরিদপুর

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত, আহত ২

ফরিদপুর, ২৮ মে – ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ। ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আল ইমরান ঈদের ছুটিতে ঢাকা থেকে মোটরসাইকেলে করে বরিশাল সদর এলাকায় নিজের বাড়িতে যাচ্ছিলেন।

পথে পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাইফুলের মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সাইফুল তখন মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের চালক মারা যান।

এ সময় মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহী আহত হলে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে দুটি মোটরসাইকেলের গতিই অনেক বেশি ছিল। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এস এম/ ২৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language