উত্তর আমেরিকা

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৩১ মে – ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক নীতি, ইরানের পারমাণবিক সক্ষমতা এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের সমালোচনা করে বলেন, ইরাকের পরিস্থিতি দেখুন। আমরা সেখানে অত্যন্ত বাজে ফল পেয়েছি। এটি ছিল একটি চরম বোকামিপূর্ণ কাজ। আমাদের শুরুতেই সেখানে যাওয়া উচিত ছিল না। একই ধারাবাহিকতায় তিনি বলেন, আমাদের ইরানে যাওয়াও ঠিক হয়নি।

তবে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক কিছু সামরিক পদক্ষেপ না নিলে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তার ভাষ্য অনুযায়ী, নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা চালানো না হলে তারা বর্তমানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতো। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেত।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরমভাবে বিঘ্নিত হতো। তিনি ইরানের সামরিক বাহিনীর একাংশকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মার্কিন বাহিনী ইরানের সামরিক বাহিনীর নির্দিষ্ট কিছু অংশকে লক্ষ্যবস্তু করা এড়িয়ে চলেছে।

তবে যারা উগ্রপন্থী ছিল, তাদের ওপর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতের যুদ্ধকালীন নীতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে সব পক্ষকে ধ্বংস করার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর ফলে এমন দেশের সৃষ্টি হয়েছে যারা ৪০ বছরেও ঘুরে দাঁড়াতে পারছে না। ট্রাম্পের এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং বর্তমান ইরান নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language