জাতীয়

জঙ্গল সলিমপুরকে আর অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম, ৩১ মে – চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকাকে কোনোভাবেই অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এখানকার অবৈধ দখলদারদের একটি পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে।

তবে জঙ্গল সলিমপুরের প্রকৃত স্থানীয় বাসিন্দাদের কাউকেই উচ্ছেদ করা হবে না এবং তাদের যথাযথ পুনর্বাসনের জন্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

রবিবার সকালে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুর্গম পাহাড়ি এলাকাটি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের একটি বিশেষ মহাপরিকল্পনা রয়েছে এবং এখানকার ঝুলে থাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

শুধু সলিমপুর নয়, সারা দেশে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের দমনে সমন্বিত সাঁড়াশি অভিযান চালানো হবে বলে তিনি মন্তব্য করেন।

সাধারণ মানুষকে উচ্ছেদের ভয় দেখিয়ে কেউ চাঁদা দাবি করলে সরাসরি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ভূমিপ্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি এই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হন এবং গত ২৪ মে গভীর রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সেই হামলার পর থেকে এলাকাটিতে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language