বরিশাল

এক ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

বরিশাল, ১৬ মে– বরিশালে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আ‌শিকুর রহমান সুজন ও তার সহযোগীদের বিরু‌দ্ধে। হাতুড়িপেটায় গুরুতর আহত রুহুল কুদ্দুস রাহাতকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত‌বে ওই ছাত্রলীগ নেতার দাবি, তার ওপরই হামলা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল সদর উপ‌জেলার টু‌ঙ্গিবাড়িয়া ইউ‌নিয়‌নের মোল্লাবা‌ড়ি এলাকায় শ‌নিবার রা‌তে এ হামলার ঘটনা ঘ‌টে।

আহত রুহুল কুদ্দুস রাহাত ওই ইউ‌নিয়‌নের বা‌সিন্দা ও ব্যবসায়ী।

রুহুল কুদ্দুসের ভাই রা‌ব্বী জানান, সন্ধ্যার পর ব‌রিশাল সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আ‌শিকুর রহমান সুজন তার সহ‌যোগী‌দের নি‌য়ে মোল্লা‌বা‌ড়ি বাসস্ট্যান্ডে ই‌লেক‌ট্রনিক্সের দোকানে হামলা চালায় এবং তাকে মারধর ক‌রে। এর পরপরই একই এলাকার আরেক ব্যবসায়ীর বা‌ড়ি‌তে হামলা চালানো হয়।

প‌রে মোল্লাবা‌ড়ি বাসস্ট্যা‌ন্ডে রাহাতের সঙ্গে সুজ‌নের দেখা হয়। ওই সময় তার লোকজ‌ন রাহাতকে মারধর ক‌রে এবং সুজ‌ন হাতু‌ড়ি দি‌য়ে তাকে পি‌টি‌য়ে আহত ক‌রে। রাহাতকে হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

ইউ‌নিয়ন আওয়ামী‌ লী‌গের সাধারণ সস্পাদক ধলু মোল্লা আহ‌তের বরাত দি‌য়ে জানান, সুজ‌নের স্বজন তু‌হিনের কা‌ছে রাহাত ক‌য়েক লাখ টাকা পায়। টাকা ফেরত চাইতে গি‌য়ে আজ‌কের এ ঘটনা।

ব‌রিশাল সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আ‌শিকুর রহমান সুজন ব‌লেন, রাহা‌তের সঙ্গে ভোলার তু‌হিনের লেন‌দেন আছে। রাহা‌তের কা‌ছে ১ লাখ ৭২ হাজার টাকা পায় তু‌হিন। তু‌হিন ও তার ছোটভাই ছাত্রলী‌গের শুভ এ বিষ‌য়ে আমা‌কে জানান। এরপর রাহাত ক্ষিপ্ত হ‌য়ে ফেসবু‌কে নানা পোস্ট দি‌তে থা‌কেন। রাহাত বন্ধু হওয়ায় এবং একই এলাকার বাসিন্দা হওয়ায় তা‌কে ফেসবু‌কে মিথ্যাচার না করতে বলি। এরপর সে আজ সন্ধ্যায় আমার ওপর হামলা চালায়। আর হামলা চালা‌তে গি‌য়ে সে নি‌জেই কোনোভা‌বে আহত হ‌য়ে আমার বিরু‌দ্ধে মিথ্যাচার কর‌ছে। তার সঙ্গে আমার কোনো লেন‌দেনও নেই। এ বিষ‌য়ে আ‌মিও আই‌নের আশ্রয় নেব।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, রাহাতের ওপর হামলা হয়েছে। কারা হামলা করেছে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : সমকাল
এম এন / ১৬ মে


Back to top button
🌐 Read in Your Language