জাতীয়

জাতীয় সংসদই রাজনৈতিক সমস্যা সমাধানের সর্বোচ্চ কেন্দ্র: তথ্যমন্ত্রী

ঢাকা, ১ আগস্ট – গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদই রাজনৈতিক বিতর্ক, মতবিনিময় এবং জাতীয় সমস্যার সমাধানের সর্বোচ্চ প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমানে কেউ কেউ জাতীয় সংসদের চেয়ে রাজপথের আন্দোলনকে বড় করে দেখছে।

তবে সরকার সংসদীয় কাঠামোর মধ্যেই জাতীয় সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে চায়। সংসদের পরিবর্তে রাজপথকে প্রাধান্য দেওয়া গণতন্ত্রের জন্য ফলপ্রসূ নয়। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন এবং বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করা প্রয়োজন, তখন কিছু মহল সংসদের তুচ্ছ বিষয়কে রাজপথে এনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার যে কোনো গঠনমূলক সমাধানে বিশ্বাসী, তবে বিশৃঙ্খলা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও পিছপা হবে না। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ছিল গণতন্ত্র রক্ষার লড়াই।

তিনি ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এস এম/ ১ আগস্ট ২০২৬


Back to top button