বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর ১০ মেট্রো স্টেশন

ঢাকা, ১ আগস্ট – মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ একটি সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে শনিবার দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালানোর পর স্টেশনটি পুনরায় খুলে দেওয়া হয়।
মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে তাৎক্ষণিক নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়। যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর ১০ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ট্রেনগুলো স্টেশনটি এড়িয়ে চলাচল করে। খবর পেয়ে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রের মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে। পরীক্ষায় প্রাথমিকভাবে সেখানে কোনো বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি।
নিরাপত্তা বাহিনী এলাকাটি নিরাপদ ঘোষণা করার পর দুপুর ১টা ৫০ মিনিটে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এবং মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই সাময়িকভাবে স্টেশনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।
এস এম/ ১ আগস্ট ২০২৬









