চট্টগ্রাম

চট্টগ্রামে আ.লীগের নদী বাঁচানোর ডাক

চট্টগ্রাম, ১৭ অক্টোবর- কর্ণফুলীসহ দেশের সকল নদ-নদীগুলো নদী খেকোদের দখল ও কলকারখানার শিল্প বর্জ্যের দূষণের কবলে পড়ে অস্তিত্ব হারাতে বসেছে। দখল, দূষণের কবলে পড়ে কর্ণফুলী, বুড়িগঙ্গাসহ নদীগুলোর বিপন্ন অবস্থা। এমন অবস্থায় সাম্পান শোভাযাত্রার মাধ্যমে চট্টগ্রাম থেকেই নদী বাঁচানোর ডাক দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

কর্ণফুলীসহ সকল নদ-নদীর দখল, দূষণ প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুইদিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার সকালে কর্মসূচির প্রথম পর্ব অভয়মিত্র ঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। দেশ মাতৃকার দুর্যোগে, দুর্বিপাকে এই আওয়ামী লীগই জনগণকে সাথে নিয়ে এগিয়ে গেছে। এই আওয়ামী লীগই সাড়ে সাত কোটি বাঙালির স্বাধীনতা ছিনিয়ে আনার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। দখল, দূষণের কবলে পড়ে কর্ণফুলী, বুড়িগঙ্গাসহ নদীগুলোর বিপন্ন অবস্থা। নদী রক্ষায় সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তবে এর সাথে জনসাধারণের সহযোগিতা গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ ধরায় ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড

জনসাধারণের অসচেতন ও বেপরোয়া ব্যবহারে দিন দিন নদীগুলো অস্তিত্ব হারাতে বসেছে। দখল ও ভরাটের করাল গ্রাসে অনেক নদী মরে গেছে। নদী বাঁচলে জীবন বাঁচবে। নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই নদীকে বাঁচাতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই কর্মসূচি হাতে নিয়েছে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে অভয়মিত্র ঘাট থেকে শতাধিক সাম্পান সহযোগে শুরু হওয়া এই শোভাযাত্রায় নগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি অভয়মিত্র ঘাট থেকে শাহ আমানত সেতু হয়ে আবার অভয়মিত্র ঘাটে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্য নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, সাংবাদিক আলীউর রহমান প্রমুখ।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এম এন / ১৭ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language