বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, নিহত ৩

গাইবান্ধা, ২৪ মার্চ – গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বিস্ফোরণে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামের হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নয়াপাড়া গ্রামের ফটিয়ারের ছেলে ওহেদুল প্রধান (৩২), আবুল কাসেমের ছেলে বোরহান (৩৬)। এ ছাড়া অজ্ঞাত আরও একজন নিহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে নয়াপাড়া গ্রামের বোরহানের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে কী কারণে, কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
আরও পড়ুন : দেশে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৫০ লাখ ছাড়ালো
নিহত বোরহানের স্ত্রী হিরা বেগম জানান, বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে বোরহান বাড়ির কিছুটা দূরে জমিতে কাজ করতে যান। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি বোরহান উদ্দিনের বাড়িতে আসে। কিছুক্ষণ পর একই গ্রামের ওয়াহেদুল ইসলামও ওই বাড়িতে আসে। এসময় বোরহান উদ্দিনকে না পেয়ে জমি থেকে বোরহানকে ডেকে আনেন ওহেদুল।
বোরহান উদ্দিনের স্ত্রী আরও জানান, ওয়াহেদুল জমি থেকে আমার স্বামীকে বাড়িতে ডেকে এনে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। আমি তখন অন্য একটি ঘরে কাজ করছিলাম। কিছুক্ষণ পর বিকট শব্দ হয়। শব্দ শুনে ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখতে পাই, বিস্ফোরণে ঘরের টিনের চালা উড়ে গেছে এবং ঘরের পাশে দুই জনের লাশ পড়ে আছে। পরে আরেকজনের অপরিচিত ব্যক্তির আহত অবস্থায় ছটফট করছিল।
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। এখানে সিআইডির দল ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
সূত্র : আমাদের সময়
অভি/ ২৪ মার্চ









