গাইবান্ধা

সুন্দরগঞ্জে চার মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ

গাইবান্ধা,২০ সেপ্টেম্বর- গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের মধ্যে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌর শহরের গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ভোরে ফজরের সময় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর দুই মিনিট পর গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। তার দুই মিনিট পর স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আগে প্রথমে তার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি।

তিনি বলেন, পরপর তিনটি বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এই এলাকায় এর আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language