জাতীয়

দেশে টিকা নিয়েছেন প্রায় অর্ধকোটি মানুষ

ঢাকা, ২৩ মার্চ – দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। এ সময়ের মধ্যে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন প্রায় পৌনে ৬৪ লাখ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন করোনা টিকা নিয়েছেন। এরমধ্যে ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন পুরুষ এবং ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন নারী। আর ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

আরও পড়ুন : পাকিস্তানি প্রেতাত্মারা সিদ্ধান্ত নেওয়ার কে : হানিফ

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৮ হাজার ৩৩০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৯৫ এবং নারী ৩৪ হাজার ৩৩৫ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৫ লাখ ৯৮ হাজার ৯১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ৯২ হাজার ২১২, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ২৮ হাজার ৮০৩, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ১৪ হাজার ৯১৩, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৫৮ হাজার ২৪২, রংপুর বিভাগে চার লাখ ৯৯ হাজার ৮৮৯, খুলনা বিভাগে ছয় লাখ ৪৬ হাজার ৪২, বরিশাল বিভাগে দুই লাখ ২৮ হাজার ৩৭৪ এবং সিলেট বিভাগে দুই লাখ ৫৯ হাজার ৮৭৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language