ফুটবল

২০২৬ বিশ্বকাপে বন্ধু নেইমারকে দেখতে চান লিওনেল মেসি

বুয়েনোস আইরেস, ৯ মে – লিওনেল মেসি ও নেইমার জুনিয়র দীর্ঘদিন বার্সেলোনা এবং পিএসজিতে সতীর্থ হিসেবে খেলেছেন। মাঠের ভেতরে তাদের রসায়ন যেমন চমৎকার ছিল, মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব প্রবাদতুল্য। যদিও আন্তর্জাতিক ফুটবলে তারা যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধি, তবে তাদের ব্যক্তিগত সম্পর্কে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক মেসি জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি নেইমারকে খেলার মাঠে দেখতে চান।

নেইমারকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার উল্লেখ করে মেসি বলেন, ব্রাজিলের এই তারকার উপস্থিতি বিশ্বকাপের জৌলুস বাড়িয়ে দেবে।

পডকাস্ট অনুষ্ঠান লো দেল পোলো শোতে মেসি বলেন, আমরা সবাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ প্রত্যাশা করি। নেইমারের ফর্ম বা শারীরিক অবস্থা যেমনই হোক না কেন, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। বিশ্বকাপে তার অংশগ্রহণ ফুটবলপ্রেমীদের জন্য হবে অত্যন্ত আনন্দদায়ক।

নেইমার ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের জন্য যা করেছেন, তা অতুলনীয়। মেসি আরও যোগ করেন, নেইমার একজন অসাধারণ মানুষ এবং তিনি সবসময় ভালো কিছু প্রাপ্য।

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নামার প্রস্তুতি নিচ্ছেন। নেইমার তার চেয়ে চার বছরের ছোট হলেও ইনজুরির কারণে তাকে বেশ সংগ্রাম করতে হচ্ছে।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি ইন্টার মায়ামিতে এবং নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন। তবে লিগামেন্টের চোটের কারণে নেইমারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। বর্তমানে তিনি ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।

নেইমারের প্রশংসা করতে গিয়ে মেসি বলেন, নেইমার অত্যন্ত প্রাণবন্ত এবং সহজ সরল একজন মানুষ। তিনি কৃত্রিমতা পছন্দ করেন না এবং কে কী ভাবল তা নিয়ে খুব একটা ভাবেন না। নিজের জীবনকে উপভোগ করার এক বিশেষ ক্যারিশমা তার মধ্যে রয়েছে। নেইমারের এই স্বাভাবিকতা মেসিকে সবসময় টানে।

উল্লেখ্য যে, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯টি গোল করা নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর থেকেই ইনজুরি তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ব্রাজিল ফুটবল সংশ্লিষ্টরাও তাকে নিয়ে আশাবাদী হলেও দলে ফেরার ক্ষেত্রে ফিটনেসকেই মূল শর্ত হিসেবে দেখা হচ্ছে।

এনএন/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language