জাতীয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৬ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা, ১১ আগস্ট – সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৬ জনের বিরুদ্ধে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গত ২৯ জুলাই দুর্নীতি দমন কমিশনে (দুদক) ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

দুদকের অভিযোগপত্রে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামের বানান ভুল করে মো. শাহাবুদ্দিন লেখা হয়েছে। একই সঙ্গে সেখানে তার রাষ্ট্রপতি পরিচয়ের পরিবর্তে ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়।

তথ্যমতে, রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি এই ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। চলতি বছরের ২৪ জুলাই ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের কাছে আবেদন করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালক থাকাকালীন মো. সাহাবুদ্দিনসহ তৎকালীন পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য জালিয়াতির মাধ্যমে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ওই ঋণের অর্থ অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

দুদকে দেওয়া অভিযোগে আরও বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই জালিয়াতির ঘটনা ঘটে। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম এবং ব্যাংকের তৎকালীন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি সহযোগিতা করেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি অডিট ফার্মের মাধ্যমে দীর্ঘ তদন্তের পর ঋণ অনুমোদন ও বিতরণে নানা অনিয়ম ধরা পড়ে। এর ভিত্তিতেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে আবেদন জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এনএন/ ১১ আগস্ট ২০২৬


Back to top button