রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী এমপিদের আটক, সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

দিল্লি, ০৬ অক্টোবর-ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভের সময় ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয় বলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কাসহ অন্যদের একটি পুলিশ বাসে তোলা হয়। তবে কিছু সময় পর তারা বাস থেকে বের হয়ে আবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যান।
বিরোধী দলগুলোর এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করা এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা। এ সময় দিল্লিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন জায়গায় ব্যারিকেডও দেওয়া হয়।
বিরোধীদের অভিযোগ, সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের যে কার্যক্রম চলছে, সেখানে অনিয়ম হয়েছে এবং এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাচ্ছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত, অযোগ্য ও একাধিকবার অন্তর্ভুক্ত ভোটারদের বাদ দেওয়ার জন্যই এই কার্যক্রম চালানো হচ্ছে।
মঙ্গলবারের কর্মসূচির আগেও কয়েক দিন ধরে দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতেও পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।
এদিকে নির্বাচন কমিশনকে ঘিরে একটি মামলার শুনানি ভারতের সুপ্রিম কোর্টে চলছে। আদালত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন। তবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি আদালত। মামলাটির পরবর্তী শুনানি চলবে।
এস এম/ ০৬ অক্টোবর ২০২৬







