পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ মে – পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ গ্রহণ করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণার পর এখন শপথগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি চলছে।রাজ্যের বিধানসভা থেকে শুরু করে মহাকরণ এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে বর্তমানে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।
এখন থেকে বিরোধী দলনেতার পরিবর্তে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী। তার জন্য নির্ধারিত হয়েছে মুখ্যমন্ত্রীর পুরনো কক্ষটি।
নতুন সরকারের শপথগ্রহণের প্রাক্কালে বিধানসভা ভবনে ব্যাপক সংস্কার ও গোছগাছের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তরটি নতুন করে সাজানোর পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র ও নথিপত্র বিন্যাসের কাজ চলছে। এরই অংশ হিসেবে বিধানসভা ভবন থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার সদস্যদের নামফলকগুলো অপসারণ করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং ডেপুটি চিফ হুইপ দেবাশিস কুমারের নামফলকও সরিয়ে নেওয়া হয়েছে।
দীর্ঘ চার বছর পর নিয়োগ দুর্নীতি মামলায় কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কক্ষটি খোলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কক্ষটি এখন থেকে নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কর্মীদের ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে।
আগামী সোমবার থেকে শুভেন্দু অধিকারী তার নির্ধারিত কক্ষে দাপ্তরিক কাজ শুরু করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ কলকাতা শহরে যান চলাচল সীমিত করা হয়েছে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।
এনএন/ ৯ মে ২০২৬









