জাতীয়

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৬ জুন – মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে দেশে ফিরেছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা।

বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের দলীয় প্রধানকে স্বাগত জানান।

এনএন/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language