প্রবীণ আলেম ও নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজীর ইন্তেকাল

চট্টগ্রাম, ৮ মে – চট্টগ্রামের প্রবীণ আলেম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মরহুম আজিজী ১৯৪৭ সালে লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
সরওয়ার কামাল আজিজী পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে দলটির আমির নির্বাচিত হন।
এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং চট্টগ্রামের শাহ ওয়ালীউল্লাহ একাডেমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি পদুয়ায় জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলামসহ বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে আলেম সমাজসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এনএন/ ৮ মে ২০২৬









