কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর ঝলক, মিসাইল পরীক্ষার গুঞ্জন

কক্সবাজার, ৮ মে – কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ এক রহস্যময় আলোর ঝলক দেখা গিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা এই দৃশ্য প্রত্যক্ষ করেন।
প্রায় এক মিনিট স্থায়ী এই আলো প্রত্যক্ষদর্শীদের মাঝে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করেছে।
সৈকতে থাকা হোছাইন মোহাম্মদ মিশুক নামের এক স্থানীয় যুবক এই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন। তিনি জানান, বন্ধুদের সাথে আড্ডার সময় হঠাৎ আকাশে ভিন্নধর্মী আলোর রেখা দেখতে পান তারা। এটি খুব দ্রুত গতিতে সরে যাচ্ছিল।
এদিকে অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটির ভিডিও শেয়ার করে বিষয়টিকে ক্ষেপণাস্ত্রের মতো বলে মন্তব্য করেছেন।
রহস্যময় এই আলো প্রসঙ্গে কক্সবাজার আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি কোনো আবহাওয়াজনিত ঘটনা নয়। সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, ঘটনাটি ভারতের জলসীমায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এটি ভারতের কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মিসাইল পরীক্ষা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এনএন/ ৮ মে ২০২৬









