গেরুয়া পতাকা বাংলাদেশের সন্নিকটে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জ, ৮ মে – ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন যে, গেরুয়া পতাকা এখন বাংলাদেশের অত্যন্ত সন্নিকটে চলে এসেছে। মুসলমানদের মধ্যে সচেতনতা ও ঐক্য বজায় না থাকলে এই প্রভাব মোকাবিলা করা কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।
নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের প্রাক্কালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক ও নৈতিক পরিবর্তনের লক্ষ্যে মসজিদভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রস্তাব করেন যে, মসজিদের সাথে শিক্ষা, চিকিৎসা এবং বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রম যুক্ত করা হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। অসহায় নারী, এতিম ও দরিদ্রদের কল্যাণে মসজিদ কমিটিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বিগত দেড় দশকের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, গত ১৫ বছরে বহু আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব বিভিন্নভাবে নির্যাতন ও চাপের সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে একটি সুসংহত সামাজিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এদিকে জুমার নামাজ শেষে মুসল্লিদের ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে মসজিদের একটি ফটকের কাঁচ ভেঙে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এনএন/ ৮ মে ২০২৬









