সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, এ নিয়ে মোট প্রাণহানি ১২

ঢাকা, ৯ মে – সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজের সফরে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী প্রাণ হারালেন।
শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। এর মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মারা যান। সবশেষ শুক্রবার মক্কায় মারা যান যশোরের কোতোয়ালির ৫৩ বছর বয়সী মো. আব্দুল মতিন এবং দিনাজপুরের নবাবগঞ্জের ৬৪ বছর বয়সী মো. আজহারুল হক। তারা দুজনেই বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে গিয়েছিলেন।
এর আগে জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই মদিনায় এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন মক্কায় মৃত্যুবরণ করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের মৃত্যু ছিল স্বাভাবিক।
এদিকে এখন পর্যন্ত মোট ১২৮টি হজ ফ্লাইটে ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। যার মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন যাত্রী রয়েছেন। গত ১৮ এপ্রিল ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।
এনএন/ ৯ মে ২০২৬









