কাজাখস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

নুর-সুলতান, ১৩ মার্চ – কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে অবতরণকালে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তথ্য অনুসারে, চারজন নিহতের খবর পাওয়া গেছে। আহত দুজনকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি রাজধানী নূর-সুলতান থেকে আলমাটিতে উড়ে এসছিল।
আরও পড়ুন : মিয়ানমারের ২০০ পুলিশ ভারতে আশ্রয় নিল
বিমানটি কাজাখস্তানের জাতীয় সুরক্ষা কমিটির অন্তর্গত বলে জানা গেছে। যে কমিটি মূলত সোভিয়েত-যুগের কেজিবি-র উত্তরসূরী, যেটি জাতীয় সীমান্ত পরিষেবা নিয়ন্ত্রণ করে।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিমানটি উল্টে গেছে এবং তাতে আগুন জ্বলছে। অনলাইনে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার স্থান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে যা বেশ দূর থেকেও দেখা যাচ্ছে।
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে একই বিমানবন্দরে কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে একটি বিমান ক্র্যাশ অবতরণ করে। সে দুর্ঘটনায় মারা গিয়েছিল শতাধিক যাত্রী।
সূত্র : আরটিভি
এন এইচ, ১৩ মার্চ









