জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ঢাকা,২৯ নভেম্বর-স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রোববার নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের পর তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনে এজেন্টদের উপস্থিতি ভালো নির্বাচন নিশ্চিত করার অন্যতম কারণ ছিল। প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় শতভাগ কেন্দ্রে নিজেদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ করেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শতভাগ কেন্দ্রের এজেন্টদের স্বাক্ষরযুক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে পরে ফলাফল পরিবর্তন বা কারচুপির কোনো সুযোগ ছিল না।

স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন এই নির্বাচন কমিশনার।

জাতীয় নির্বাচনে সহিংসতা কমে আসার বিষয়টি তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অতীতে জাতীয় নির্বাচনে সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন শহীদ শরিফ ওসমান হাদি। অন্য একটি ঘটনায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আহত একজন পরে হাসপাতালে মারা যান। নির্বাচনের দিন কোথাও ঘুষি বা মারামারির ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে সানাউল্লাহ বলেন, তাঁদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা তাঁদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে নেতারা যদি বলেন, তাঁরা আর সহিংস নির্বাচনের পথে হাঁটবেন না এবং ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে জয়ী হতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনে জেতার চেষ্টা করা হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা প্রতিহত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা রাখার পরিকল্পনার কথা জানান তিনি। সানাউল্লাহ বলেন, শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের মনিটরিং সেল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেকোনো সময় এসে মনিটরিং কার্যক্রম দেখতে পারবেন। এতে দলগুলো আশ্বস্ত হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে তথ্য দিয়ে সহযোগিতাও করতে পারবে।

অভিযোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, অনেক সময় অভিযোগকারীরা সুনির্দিষ্ট তথ্য দেন না। কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত কিংবা কারা সাক্ষী—এসব তথ্য না দিয়ে শুধু বলা হয়, বাড়ি বাড়ি টাকা বিতরণ করা হচ্ছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া কঠিন। তাই অভিযোগ করার সময় সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনি বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টিও তুলে ধরেন সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাইব্যুনালে যেতে পারেন। বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালকে ১৮০ দিন এবং আপিল নিষ্পত্তির জন্য ১২০ দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে আগের নির্বাচন কমিশনের সময়কার ট্রাইব্যুনালের মামলার ফলাফলও এখন পাওয়া যাচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন কাজ করছে।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language