তৃতীয় টার্মিনালে উড়োজাহাজ অবতরণের ১৫ মিনিটের মধ্যে মিলবে প্রথম ব্যাগেজ

ঢাকা,২৯ নভেম্বর-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে যাত্রীদের প্রথম ব্যাগেজ মাত্র ১৫ মিনিটের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বেবিচকের যে চুক্তি হতে যাচ্ছে, তাতেও এ ধরনের শর্ত রাখা হয়েছে বলে জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, আগমনী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমাতে ব্যাগেজ সরবরাহের জন্য নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে পৌঁছে দিতে হবে। আর সবশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমিয়ে যাত্রীদের দ্রুত সেবা নিশ্চিত করতেও অপেক্ষার গড় সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড়ে ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে অপেক্ষার সময় সীমিত রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, চুক্তিতে বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব ভাগাভাগির সুনির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী, নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃতপক্ষে পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (৩০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ রক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান বজায় রাখতে বেবিচকের নিয়মিত তদারকি চলবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, চুক্তি অনুযায়ী সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। প্রতিষ্ঠানটির জবাবদিহি নিশ্চিত করতে চুক্তিতে এ বিধান রাখা হয়েছে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রাখা হয়েছে।
তিনি বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেবিচক চেয়ারম্যান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আন্তর্জাতিক মানের আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসম্পন্ন একটি অত্যাধুনিক স্থাপনা। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।
যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার রয়েছে। এ ছাড়া ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।
এ ছাড়া আগমনী যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি বড় ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য টার্মিনালে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে তৃতীয় টার্মিনালে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র রাখা হয়েছে।
যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সহজ চলাচলের জন্য রয়েছে মুভিং ওয়াকওয়ে, এসকেলেটর ও লিফট। পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।
আন্তর্জাতিক কার্গো পরিবহনের সক্ষমতা বাড়াতে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনালগুলোতে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গোসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে।
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে এ মেয়াদ কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।
চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালের মাধ্যমে পরিচালিত হবে।
অন্যদিকে, বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনির্ধারিত ফ্লাইট পরিচালনার কাজে ব্যবহার করতে পারবে বেবিচক।
তিনি জানান, চুক্তি অনুযায়ী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়া হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংশ্লিষ্ট কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে, ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।
চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়ার মতো নন-এরোনটিক্যাল খাত থেকে আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
এ ছাড়া চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এসব গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে। পাশাপাশি কার্গো হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি প্রদান করবে।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







