৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ, যোগদানের শেষ সময় ২১ ডিসেম্বর

ঢাকা,২৯ নভেম্বর-৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৫ মার্চ ও ২১ মে ২০২৬ তারিখের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।
বুনিয়াদি প্রশিক্ষণ শেষ করার পর চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও নিতে হবে।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশের মেয়াদ আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখার অনুপযুক্ত মনে হলে কোনো কারণ না দেখিয়ে এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে শেষ করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরিতে যোগ দেওয়ার সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা দিতে হবে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজের এবং পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণীও জমা দিতে হবে। নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তার নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কারও সনদ পরবর্তী যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী চাকরিতে যোগদান না করলে ধরে নেওয়া হবে, তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন। এ ক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







