দিনাজপুর

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

দিনাজপুর,২৭ নভেম্বর-ভারত থেকে বাংলাদেশের ভেতরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামান।

ব্রিফিংয়ে তিনি বলেন, বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। ডিসেম্বর মাস সামনে রেখে ২৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা হয়েছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিনরাত বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। দিনে বা রাতে কোনো এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখা গেলে দ্রুত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ভারত থেকে বাংলাদেশের ভেতরে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।

অন্যদিকে, অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবির পাশাপাশি সাহাপাড়া ও কামাড়পাড়া এলাকার বাসিন্দারাও রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language