চট্টগ্রাম

এস আলমের বন্ধ কারখানা চালু ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

চট্রগ্রাম,১৬ নভেম্বর-আলোচিত শিল্পগ্রুপ এস আলমের বন্ধ কারখানাগুলো চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাবেক শ্রমিক ও কর্মচারীরা। একই সঙ্গে ছাঁটাই হওয়া হাজারো শ্রমিককে পুনর্বহালের অনুরোধ জানিয়েছেন তারা।

সোমবার সকাল ১০টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিল নিয়ে শ্রমিকরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে কারখানা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, এস আলমের কারখানাগুলো চালুর দাবিতে শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম গ্রুপের ১৩টি কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। ২০২৪ সালের আগস্টের পর একে একে কারখানাগুলো বন্ধ হয়ে যায়।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language