বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা; ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ঢাকা,১৫ নভেম্বর-দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে।
আজ (১৫ নভেম্বর) সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







