গাজীপুর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুর,১৫ নভেম্বর-গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবির ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির কারণে আজও ছয়টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি ইতোমধ্যে মাঠে দায়িত্ব পালন করছে। অন্য বাহিনীগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।

বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হওয়া তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language