লালমনিরহাট

যৌতুক ও বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে কাজিদের লাইসেন্স বাতিল হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট,১৫ নভেম্বর-যৌতুকের বিয়ে ও বাল্যবিয়ে নিবন্ধন করলে নিকাহ রেজিস্ট্রার বা কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজিদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে ও বাল্যবিয়ে নিবন্ধন করলে নিকাহ রেজিস্ট্রার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। বিয়ের আগে বর-কনের সঠিক বয়স যাচাই-বাছাই করে নিয়ম মেনে বিয়ে নিবন্ধন করতে হবে। পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ভালো পোশাক পরলেই বা দেখতে সুন্দর হলেই মানুষ ভালো হয় না। যিনি অপরাধমুক্ত, তিনিই ভালো মানুষ, প্রকৃত মানুষ। বর্তমানে সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো ধ্বংসের পথে।

আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না। অবকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটাতে পারলেই প্রকৃত উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন সার্থক হবে। তখনই আলোকিত লালমনিরহাট গড়ে উঠবে। এ কারণে সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নমূলক কাজও করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা তাঁদের জেলায় এসেছেন। এই উদ্যোগের লক্ষ্য ও কার্যক্রম দেখে তাঁরা অভিভূত হয়েছেন এবং নিজেদের জেলাতেও তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, টাকার পরিমাণ দেখে মসজিদের সভাপতি নির্বাচন করা হয়, কিন্তু সেই টাকার উৎস খোঁজা হয় না। এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষের টাকা বা মাদকের টাকা দান করে প্রশংসা পেলেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। এসব বিষয় সামাজিকভাবে বিশ্লেষণ করা দরকার। মাদক সেবন করে আবার নামাজ পড়া—দুটো একসঙ্গে চলতে পারে না। তাই সমাজকে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে হবে। নিজের বিবেককে পাহারাদার বানাতে হবে। তাহলে অপরাধের দিকে ধাবিত হতে হবে না। নিজের বিবেকই সবচেয়ে বড় পাহারাদার। আলোকিত লালমনিরহাটের আন্দোলনে দু-একজন মাদকসেবী থাকতে পারেন। যদি কেউ থেকে থাকেন, তাহলে তাঁকে স্বেচ্ছায় এই আন্দোলন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীবসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language